Tuesday, April 19, 2016

হালকা তিন পদ

ফারহানা রহমান, রাজশাহীর মেয়ে। বিয়ের দুই বছর পর ২০০৯ সালে চলে যান অস্ট্রেলিয়ার সিডনিতে। সেই থেকে প্রবাসী। পড়াশোনা করেছেন ইংরেজি সাহিত্যে। ভালোবাসেন দেশি-বিদেশি খাবার রান্না করতে এবং বিভিন্ন নতুন খাবার নিয়ে নিরীক্ষা করতে। এবারে দেওয়া হলো ফারহানা রহমানের তিনটি রেসিপি।
 
.
আপেল সিনামন পিলোস
ভেতরের পুরের জন্য উপকরণ
: আপেল ২টি (বড় আকারের), দারচিনি গুঁড়া ১ চা-চামচ, চিনি আধা কাপ, সাদা ভিনেগার ১ টেবিল-চামচ, লেবুর রস ১ চা-চামচ, লবণ ১ চিমটি, লেবুর জেস্ট (লেবুর খোসা মিহি করে কাটা) আধা চা-চামচ ও ময়দা ১ টেবিল-চামচ।
রুটি তৈরির উপকরণ: সাদা পাউরুটি ৮টি, ডিম ১টি, বেকিং পাউডার ১ চিমটি, লবণ ১ চিমটি, পাউরুটির গুঁড়া ১ কাপ ও তেল ভাজার জন্য।
প্রণালি: প্রথমেই ভেতরের পুর বানিয়ে নিন। এর জন্য আপেলগুলো ভালোমতো ছিলে, কুচি করে ফেলতে হবে। এবার ময়দা ছাড়া পুরের জন্য নেওয়া সব উপকরণ কুচি করা আপেলের সঙ্গে মিশিয়ে মাঝারি আঁচে রান্না করতে হবে। আপেলের পানি শুকিয়ে সেদ্ধ হলে তাতে ময়দা দিয়ে দিন। সম্পূর্ণ পানি শুকিয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিতে হবে।
প্রতিটি পাউরুটির টুকরা রুটি বানানোর বেলন দিয়ে যতটা সম্ভব চ্যাপ্টা করে বেলে নিন। এবার বাদামি পাশগুলো কেটে সরিয়ে ফেলুন। একটি রুটির এক পাশে হালকাভাবে পানি লাগিয়ে নিন। এবার ওই পানির দিকেই আপেলের পুর দিয়ে পাউরুটিটি মুড়িয়ে চেপে চেপে এক প্রান্তের সঙ্গে আরেক প্রান্ত লাগিয়ে দিন। এবার দুই পাশের শেষ মাথাগুলো টিপে জোড়া লাগিয়ে দিন। দেখতে বালিশের মতো হবে। এবার ডিম, লবণ, বেকিং পাউডার একসঙ্গে ফেটান। বানানো ব্রেড পিলোটি এই মিশ্রণটিতে ডুবিয়ে পাউরুটির গুঁড়ার ওপর গড়িয়ে নিন। ফ্রিজে ১০ মিনিট রেখে ডুবো তেলে মাঝারি তাপে সোনালি করে ভেজে পরিবেশন করুন।

তন্দুরি মাটন চপ
তন্দুরি মাটন চপ
উপকরণ: পাতলা হাড়সহ খাসির মাংস ৮ টুকরা, আদাবাটা ১ টেবিল-চামচ, রসুনবাটা ১ টেবিল-চামচ, জিরাবাটা আধা চা-চামচ, টক দই আধা কাপ, লেবুর রস ১ টেবিল-চামচ, মরিচ গুঁড়া ১ টেবিল-চামচ, লাল পাপড়িকার গুঁড়া ১ টেবিল-চামচ, তেল ২ টেবিল-চামচ, গরম মসলার গুঁড়া ১ চা-চামচ, জায়ফল গুঁড়া আধা চা-চামচ, ভাজা জিরা গুঁড়া আধা চা-চামচ, সামান্য কমলা রং ও লবণ স্বাদমতো।
প্রণালি: মাংসে সব উপকরণ ভালোমতো মাখিয়ে সারা রাত ফ্রিজে ঢেকে রেখে দিন। পরদিন কয়লার আগুনে ঝলসিয়ে নিন। আবার চুলায় ছড়ানো ফ্রাইপ্যানে সামান্য তেল দিয়ে মাঝারি আঁচে পোড়া পোড়া করে ভেজে নিতে পারেন। পছন্দমতো সালাদ এবং রুটি দিয়ে পরিবেশন করুন।

অরিও অরেঞ্জ চিজকেক

অরিও অরেঞ্জ চিজকেকউপকরণ: কেকের নিচের ক্রাস্টের জন্য: অরিও চকলেট বিস্কুটের মিহি গুঁড়া দেড় কাপ ও গলানো মাখন ১০০ গ্রাম।
কেকের জন্য: ফিলাডেলফিয়া বা যেকোনো ক্রিম চিজ বার ২টা, ডিম ৩টি, গলানো মাখন ২ টেবিল-চামচ, চিনি ১ কাপ, আইসিং সুগার ২ টেবিল-চামচ, ভ্যানিলা এসেন্স ১ চা-চামচ, আধা কাপ কমলার রস ও কমলার জেস্ট ১ টেবিল-চামচ।
প্রণালি: প্রথমেই ইলেকট্রিক ওভেন প্রিহিট করে নিন। এবার বিস্কুটের গুঁড়ার সঙ্গে গলানো মাখন মিশিয়ে নিয়ে কেকের বাটিতে চেপে চেপে এই মিশ্রণটি সমান করে বসান। ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেডে ১০ মিনিট বেক করুন। হয়ে গেলে বাটি বের করে ঠান্ডা হতে দিন। চিজ কেকের জন্য পাশের রিং খোলা যায় এমন মোল্ড ব্যবহার করা ভালো। তবে এটি না থাকলে সাধারণ মোল্ডে বেকিং পেপার বিছিয়েও করতে পারেন।
এবার কেকের মিশ্রণ বানিয়ে নিন। বড় বাটিতে ক্রিম চিজ খুব ভালোমতো ফেটিয়ে নিন। ক্রিম চিজ নরম করার জন্য ১ মিনিট মাইক্রোওয়েভ ওভেনে গরম করুন। বিট করার জন্য ইলেকট্রিক বিটার ব্যবহার করলে সবচেয়ে ভালো। কমলার রস ও জেস্ট দিয়ে দিন। আরও একটু ফেটান। এবার আইসিং সুগার, চিনি দিয়ে ফেটাতে থাকুন। চিনি গলে গেলে একটা একটা করে ডিম মেশান। এরপর ভ্যানিলা এসেন্স মিশিয়ে দিন। শেষে মাখন মেশান। এই মিশ্রণ বেক করা বিস্কুটের ওপর ঢেলে প্রিহিটেড ইলেকট্রিক ওভেনে ১৬০ থেকে ১৭০ ডিগ্রি সেন্টিগ্রেডে ৩০-৩৫ মিনিট বেক করুন। বেক করার সময় একটি ট্রের ভেতর গরম পানি দিয়ে তার ওপর কেকের বাটি বসিয়ে দিন। কেক হয়ে গেলে ৫-৬ ঘণ্টা ফ্রিজে রাখুন। এর আগে মোল্ড থেকে বের করবেন না।

এবার ওপরের অরেঞ্জ সিরাপ বানিয়ে নিন। আধা কাপ চিনি এবং এক কাপ পানি ফুটান। একটি কমলা কুচি করে এতে দিন। আরও একটি কমলা গোল গোল করে কেটে সিরাপের ভেতর দিয়ে দিন। কিছুক্ষণ জ্বাল দিতে হবে। কমলা সেদ্ধ হয়ে গেলে গোল পিসগুলো তুলে নিন। আর বাকি কমলাসহ পানি ব্লেন্ড করে ফেলুন। এরপর ব্লেন্ড করা পানি আবার জ্বাল দিয়ে ঘন করে কেকের ওপর ছড়িয়ে পরিবেশন করুন। পরিবেশনের সময় শিরায় সেদ্ধ করা কমলা ওপরে সাজিয়ে দিন।

0 comments:

Post a Comment