চকলেট চিপ মাফিন
উপকরণ: ময়দা ৩ কাপ, বেকিং পাউডার ১ টেবিল-চামচ, বেকিং সোডা আধা চা-চামচ, লবণ আধা চা-চামচ। এসব উপকরণ একসঙ্গে চেলে নিতে হবে।
মাখন ২০০ গ্রাম (নরম), চিনি সোয়া কাপ, ঘন দুধ আধা কাপ, ডিম দুইটা, ভ্যানিলা এসেন্স এক চা-চামচ, চকলেট চিপ এক কাপ, যেকোনো চকলেট স্প্রেড প্রয়োজনমতো, ফ্রিজে রেখে জমিয়ে নিতে হবে (এখানে নিউটেলা ব্যবহার করা হয়েছে)।
প্রণালি: মাফিন প্যানে তেল বা মাখন ব্রাশ করে তাতে মাফিন পেপার বসিয়ে নিতে হবে। বড় বাটিতে মাখন ও চিনি বিট করে নিতে হবে। ফেঁপে উঠলে একটা একটা করে ডিম ও ভ্যানিলা দিয়ে বিট করে নিতে হবে। এরপর ময়দার মিশ্রণ ও দুধ দিয়ে বিট করে মাফিন প্যানে মিশ্রণ ঢেলে দিতে হবে। মাঝে জমানো চকলেট স্প্রেড স্বাদমতো বসিয়ে ওপরে চকলেট চিপ ছড়িয়ে দিতে হবে। প্রিহিটেড ওভেনে ২০-২৫ মিনিট বেক করতে হবে ১৬০ থেকে ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপে। বেক করার আগে মোটা দানার চিনিও ছড়িয়ে দেওয়া যাবে। এই রেসিপিতে ২১টা মাফিন হবে।
ক্যান্ডি-কুকি কত কী
রঙচঙে কুকিজ
উপকরণ: মাখন ১২৫ গ্রাম, চিনি ১ কাপ, লাল চিনি আধা কাপ, ময়দা দেড় কাপ, লবণ আধা চা-চামচ, বেকিং পাউডার ১ টেবিল-চামচ। এসব উপকরণ একসঙ্গে চেলে নিতে হবে।
চকলেট চিপস আধা কাপ, চিনির প্রলেপ দেওয়া ছোট ছোট রঙিন চকলেট ক্যান্ডি আধা কাপ (এখানে এম অ্যান্ড এম ব্যবহার করা হয়েছে), ডিম একটা, তরল দুধ ৫ টেবিল-চামচ।
প্রণালি: বড় বাটিতে মাখন, চিনি ও লাল চিনি বিট করে নিতে হবে। এরপর এতে ডিম দিয়ে বিট করে ময়দার মিশ্রণ দিয়ে ভালোভাবে বিট করতে হবে। এরপর তরল দুধ দিয়ে আবার বিট করতে হবে। এবার হালকাভাবে চকলেট চিপস ও ক্যান্ডি মিলিয়ে ১৫-২০ মিনিট ফ্রিজে রেখে দিতে হবে। বের করে গোল গোল পাতলা পাতলা কুকি বানিয়ে বেকিং ট্রেতে বসিয়ে নিতে হবে। প্রিহিটেড ওভেনে মাঝারি আঁচে ১০-১৫ মিনিট বেক করতে হবে। এই রেসিপিতে ২০টা কুকি হবে।
ক্যান্ডি আপেল পাঞ্চ
উপকরণ: ক্র্যানবেরি ফলের রস দেড় কাপ, আপেলের রস দেড় কাপ, লেমোনেড বা লেবুর শরবত তিন আউন্স, ঠান্ডা পানি দেড় কাপ, আপেল ক্যান্ডি ৬/৭ কাপ, মিন্ট ক্যান্ডি ৬/৭ টা, আপেল টুকরা কয়েকটা (সাজানোর জন্য), বরফ কিউব প্রয়োজনমতো।
প্রণালি: পানি, লেমোনেড, ক্র্যানবেরির রস, আপেল রস একসঙ্গে মিলিয়ে নিতে হবে। এই মিশ্রণে ক্যান্ডি দিয়ে চার ঘণ্টা ফ্রিজে ঠান্ডা করতে হবে। ক্যান্ডিগুলো গলে যাবে। পরিবেশনের আগে লম্বা গ্লাসে বরফ কিউব, আপেল টুকরা সাজিয়ে ওপর থেকে ঠান্ডা মিশ্রণ ঢেলে পরিবেশন।
ফলের জেলোউপকরণ: কলা ও বেদানা প্রয়োজনমতো। আঙুর ও আনারস ফ্লেভারের জেলো এক প্যাকেট করে। কমলার জেলি কিউব (সাজানোর জন্য)।
প্রণালি: প্যাকেটের নির্দেশমতো জেলো আলাদা জমিয়ে ঠান্ডা করে নিতে হবে। লম্বা গ্লাসে এক স্তর আঙুর জেলো ঢেলে ফ্রিজে জমাতে হবে। জমে যাওয়া স্তরের ওপর বেদানা দিয়ে তার ওপরে আনারস জেলো ঢেলে ফ্রিজে ঠান্ডা করে জমিয়ে নিতে হবে। জমে যাওয়া স্তরের ওপর কলার টুকরা ও ওপরে অরেঞ্জ জেলি কিউব দিয়ে পরিবেশন।
পপকর্ন চিকেন
উপকরণ: হাড়ছাড়া মুরগির বুকের মাংস ২ টুকরা। ছোট ছোট পপকর্ন আকারে টুকরা করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে।
ময়দা ১ কাপ, লবণ এক চা-চামচ, মিষ্টি মরিচগুঁড়া আধা চা-চামচ, ওরিগ্যানো আধা চা-চামচ, পাপরিকা বা শুকনা মরিচ গুঁড়া আধা চা-চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা-চামচ। ডিম ফেটানো একটি।
প্রণালি: ডিম ও মাংস ছাড়া বাকি সব উপকরণ মেখে রাখতে হবে। তেল গরম করে মুরগির টুকরাগুলো ময়দার মিশ্রণে গড়িয়ে ডিমের গোলায় চুবিয়ে ডুবো তেলে ভেজে নিতে হবে। নামিয়ে একটু লবণ ছড়িয়ে গরম গরম পরিবেশন।
প্রয়োজনীয় উপকরণগুলো পাবেন যেকোনো সুপারশপে, ঢাকার কারওয়ান বাজার কিচেন মার্কেট বা গুলশান ডিসিসি মার্কেটে।
সসেজ র্যাপ
উপকরণ: খামিরের জন্য: ময়দা চার কাপ, লবণ দেড় চা-চামচ, চিনি তিন চা-চামচ, বেকিং পাউডার এক টেবিল-চামচ, তেল ছয় টেবিল-চামচ। ওপরের সব উপকরণ একসঙ্গে মেখে নিতে হবে। ঝরঝরে হয়ে উঠলে প্রয়োজনমতো পানি দিয়ে মসৃণ খামির বানাতে হবে।
সসেজের জন্য: চিকেন সসেজ ৩৪০ গ্রাম বা ১৪ টুকরা। মাখন ভাজার জন্য। যেকোনো সস স্বাদমতো।
প্রণালি: বড় প্যানে পানি ফুটিয়ে সসেজগুলো দিয়ে জ্বাল দিতে হবে। পাঁচ মিনিট পর নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। প্যানে এক টেবিল-চামচ মাখন গরম করে সসেজগুলো অল্প আঁচে ভেজে নিতে হবে। প্রতিটি সসেজ তিন টুকরা করে কেটে নিতে হবে। এতে সস মেখে নিতে হবে। খামির ছোট ছোট গোল গোল করে কেটে এটি দিয়ে সসেজ মুড়িয়ে নিতে হবে। এবার ডুবো তেলে ভেজে গরম গরম পরিবেশন। এই রেসিপিতে ৪২ টুকরা হবে।
0 comments:
Post a Comment