Tuesday, October 6, 2015

কিছু মজাদার স্যুপের রেসিপি


একটু ঠান্ডা ঠান্ডা এই আবহাওয়ায় এক বাটি গরম স্যুপ হলে দারুণ হয়। বিকেলের নাশতা বা মূল খাবারের আগে খেতে পারেন স্যুপ। দেখে নিন ফাতিমা আজিজের দেওয়া রেসিপিগুলো

থাই চিকেন স্যুপ

থাই চিকেন স্যুপ
উপকরণ: মাখন ১ চা-চামচ, থেঁতো করা রসুন ২ কোয়া, চিকেন স্টক আড়াই কাপের একটু কম, হাড় ছাড়া মুরগির মাংস ৪০০ গ্রাম, লেমন গ্রাস বা থাইপাতা (টুকরো করা) ২টি, এক ইঞ্চি আদা কুচি ১টি, চিনি ১ চা-চামচ, লেবু পাতা কুচি ৪টি, লাল পাকা মরিচ বিচি ছাড়িয়ে কুচি করা ২টি, পেঁয়াজ কুচি ১টি, নারকেলের দুধ ২ কাপ, থাই ফিশসস ২ টেবিল চামচ, মটরশুঁটি এক কাপের চার ভাগের তিন ভাগ, ধনেপাতা কুচি ৩ টেবিল চামচ, সাদা গোলমরিচ গুঁড়ো আধা চা-চামচ।
প্রণালি: একটি সসপ্যানে মাখন গলিয়ে থেঁতো করা রসুন এবং মরিচ কুচি দিয়ে দুই-তিন মিনিট ভেজে নিন। পেঁয়াজ কুচি দিয়ে আরও কিছুক্ষণ ভাজুন। এবার চিকেন স্টক ও নারকেলের দুধ দিয়ে মাঝারি আঁচে কিছুক্ষণ নাড়ুন। ফুটে উঠলে মুরগির মাংস, ফিশসস, লেমন গ্রাস, আদা কুচি, চিনি ও লেবু পাতা দিয়ে মৃদু আঁচে নেড়ে ১৫ মিনিট ঢেকে রাখুন। মটরশুঁটি দিয়ে আরও তিন মিনিট রান্না করুন। স্যুপ থেকে থাইপাতাগুলো চামচ দিয়ে উঠিয়ে ধনেপাতা কুচি ও সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে বাটিতে ঢেলে পরিবেশন করুন গরম গরম থাই স্টাইল চিকেন স্যুপ।

পনির সবজির স্যুপপনির সবজির স্যুপ
উপকরণ: বাদাম তেল বা মাখন ৪ টেবিল চামচ, মারজোরাম সিকি চা-চামচ, চায়নিজ বাঁধাকপি ঝুরি ১০০ গ্রাম, মাঝারি ফুলকপি (ছোট করে টুকরো করা) ১টি, সবজির স্টক ৫ কাপ, ব্রাউন সুগার ১ টেবিল চামচ, লাল মরিচ গুঁড়া আধা চা-চামচ, লবণ আধা চা-চামচ অথবা স্বাদ অনুযায়ী, কারি পেস্ট ১ টেবিল চামচ (রসুন কুচি, ধনেপাতা কুচি ও সাদা গোলমরিচ নিয়ে সামান্য ফিশসস মিশিয়ে পাটায় বেটে নিন), পাপরিকা ২ চা-চামচ, শসা (কিউব করে কাটা) ১০০ গ্রাম, ধনেপাতা কুচি ৪ আঁটি, পনির দেড় ইঞ্চি কিউব করে কাটা ১৩০ গ্রাম, লাইট সয়াসস ৩ টেবিল চামচ, গাজর কিউব করে কাটা ১টি, লেবুর রস ১ টেবিল চামচ।
প্রণালি: পনিরের টুকরাগুলো একটি ট্রেতে নিয়ে দুই ঘণ্টা বরফের চেম্বারে রাখুন। রান্না করার সময় বের করে ফ্রাইপ্যানে ১ চা-চামচ মাখন দিয়ে কড়া আঁচে ২-৩ মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নিন। একটি সসপ্যানে তেল বা মাখন গরম করে ম্যাজিক পেস্ট দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিন। মসলার গন্ধ বের হওয়ার আগ পর্যন্ত অনবরত নাড়ুন। তারপর মারজোরাম, পাপরিকাসহ সবজির সব টুকরা দিয়ে কিছুক্ষণ রেখে আঁচ কমিয়ে সবজির স্টক দিয়ে নাড়ুন। দু-তিনবার ফুটে উঠলে নেড়ে ব্রাউন সুগার, সয়াসস ও লবণ দিয়ে আঁচ কমিয়ে ১৫ মিনিট রাখুন। নামানোর এক মিনিট আগে বাকি ২ টেবিল চামচ মাখন, ভাজা পনির, লেবুর রস ও অর্ধেক লাল মরিচ গুঁড়া দিয়ে দিয়ে নেড়ে নামিয়ে নিন। বাটিতে স্যুপ ঢেলে ওপর থেকে বাকি মরিচ গুঁড়া দিয়ে পরিবেশন করুন গরম গরম পনির সবজির স্যুপ।

                                                    শীতকালীন সবজির স্যুপ
শীতকালীন সবজির স্যুপউপকরণ: পালংশাক কুচি এক কাপের একটু কম, মাখন ৫ টেবিল চামচ, গাজর (মাঝারি) ২টি, ময়দা ২ টেবিল চামচ, লবণ ২ চা-চামচ অথবা স্বাদ অনুযায়ী, গোলমরিচ গুঁড়া সিকি চা-চামচ, লাল মরিচ গুঁড়া আধা চা-চামচ, বাঁধাকপি ঝুরি (মাঝারি) অর্ধেকটা, পনির ঝুরি স্বাদমতো, মাঝারি সাইজের টমেটো ২টি, পেঁয়াজ কুচি সিকি কাপ, আলু (মাঝারি) ২টি, চিনি ১ টেবিল চামচ অথবা স্বাদ অনুযায়ী, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, সবজির স্টক ৪ কাপ, মারজেরাম সিকি চা-চামচ।
প্রণালি: পালংশাক কুচি ধুয়ে পানি ঝরিয়ে নিন। টমেটো ফুটানো পানিতে কিছুক্ষণ ভাপিয়ে নিয়ে খোসা ছাড়িয়ে লম্বাভাবে টুকরো করে নিন। গাজর লম্বা ঝুরি করে নিন। ৩ টেবিল চামচ মাখন হাঁড়িতে গলিয়ে নিয়ে তাতে পেঁয়াজ সামান্য ভেজে গাজর দিয়ে ভাজুন। আলু লম্বা টুকরো করে কেটে নিয়ে কিছুক্ষণ নাড়ুন। এবার সবজি ও পেঁয়াজ ভাজা হাঁড়ির এক কোনায় জমা করে বাকি ২ টেবিল চামচ মাখন গলিয়ে ময়দা দিয়ে কিছুক্ষণ ভেজে নিন। বাদামি হয়ে এলে সবজিসহ নেড়ে সবজির স্টক দিয়ে ১৫ মিনিট মাঝারি আঁচে জ্বাল দিন। এবার গরম স্যুপে টুকরো করা টমেটো, মারজোরাম, পালংশাক কুচি ও বাঁধাকপি ঝুড়ি দিয়ে নাড়ুন। পাঁচ মিনিট পর আঁচ কমিয়ে আরও ৫ মিনিট বাঁধাকপি ও পালংশাক কুচি সেদ্ধ করুন। তারপর চিনি, লবণ, লেবুর রস, গোলমরিচ গুঁড়া, ধনেপাতা কুচি ও সিকি কাপ পনির ঝুরি দিয়ে নেড়ে ১ মিনিট পর স্যুপ ঝেলে ঢেলে নিন। ওপরে ১ টেবিল চামচ পনির ঝুরি ও লাল মরিচ গুঁড়া ছিটিয়ে পরিবেশন করুন গরম গরম শীতকালীন সবজির স্যুপ।

কাজু বাদাম স্যুপ
কাজু বাদাম স্যুপ
উপকরণ: লবণ ছাড়া মাখন ৬ টেবিল চামচ, আদা ঝুরি আধা চা-চামচ, কাঁচা মরিচ কুচি ১টি, মটরশুঁটি আধা কাপ, ধনেপাতা কুচি দেড় টেবিল চামচ, ক্রিম ১ কাপ, লাল মরিচ গুঁড়া সিকি চা-চামচ, পেঁয়াজ কুচি ১টি, কাজু বাদাম (আমন্ড) এক কাপের চার ভাগের তিন ভাগ, আধাভাঙা গোলমরিচ আধা চা-চামচ, গাজর ১টি, চামড়াসহ মুরগির মাংস কিউব করে কাটা এক কাপের চার ভাগের তিন ভাগ, পানি আড়াই কাপ, ভাজা লবঙ্গের গুঁড়া আধা চা-চামচ।
প্রণালি: আমন্ড পানিতে ভিজিয়ে খোসা ছাড়িয়ে পুনরায় পানিতে ভিজিয়ে রাখুন। সসপ্যান গরম হলে মাখন গলিয়ে নিন। এবার তাতে পেঁয়াজ ও আদা ঝুরি দিয়ে কিছুক্ষণ ভাজুন। পেঁয়াজ ও আদা ঝুরি নরম হয়ে এলে আঁচ কমিয়ে ভিজিয়ে রাখা ছোলা আমন্ড, লবণ, গোলমরিচ, কাঁচা মরিচ কুচি দিয়ে ১০ মিনিট ভেজে নিন, যেন মুরগির মাংস সেদ্ধ হয়। অনবরত নাড়ুন। ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডারে দিন। ২ কাপ পানি দিয়ে দেড় থেকে ২ মিনিট মসৃণভাবে ব্লেন্ড করুন। মসৃণভাবে ব্লেন্ড না হলে দশ মিনিট পর আরও ৩০ সেকেন্ড ব্লেন্ড করে পুনরায় সসপ্যানে ঢেলে আধা কাপ পানি দিয়ে ব্লেন্ডারের জগ ধোয়া পানি দিয়ে আঁচ কমিয়ে আরও পাঁচ মিনিট সেদ্ধ করুন। ক্রিম দিয়ে আরও ২ মিনিট রান্না করে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে স্যুপ বোলে ঢেলে নিন। ওপর থেকে লবঙ্গের গুঁড়া এবং লাল মরিচ গুঁড়া ছিটিয়ে পরিবেশন করুন গরম গরম আমন্ড স্যুপ। ফ্রেঞ্চ ফ্রাই বা সবজির সালাদ দিয়ে পরিবেশন করতে পারেন।

                                                    মুরগি-মাশরুম স্যুপ
মুরগি-মাশরুম স্যুপউপকরণ: চামড়াসহ হাড় ছাড়া মুরগির মাংস ২২৫ গ্রাম, মাখন ৬ টেবিল চামচ, গরমমসলা গুঁড়া ১ চা-চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, পেঁয়াজ কুচি ১টি, সুইট কর্ন আধা কাপ, ক্রিম ১ কাপ, লাল মরিচ গুঁড়া আধা চা-চামচ, থেঁতো করা রসুন আধা চা-চামচ, লবণ ১ চা-চামচ, জায়ফল গুঁড়া সিকি চা-চামচ, মাশরুম কুচি ১ কাপ, পানি এক কাপের একটু বেশি, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি সামান্য।
প্রণালি: মুরগির মাংস আধা ইঞ্চি চওড়া ও দেড় ইঞ্চি লম্বা করে কেটে নিন। ফ্রাইপ্যান গরম করে মাখন গলিয়ে আঁচ কমিয়ে রসুন কুচি, গরম মসলার গুঁড়া ও গোলমরিচের ফোড়ন দিন। জায়ফল গুঁড়া ও লবণ দিয়ে নেড়ে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, মাশরুম ও মুরগির মাংস দিয়ে কিছুক্ষণ নেড়ে ভেজে নিন। ৫-৭ মিনিট রাখুন। ১ টেবিল চামচ সুইট কর্ন আলাদা করে নিন। মাংস সেদ্ধ হয়ে গেলে বাকি সুইট কর্ন দিয়ে আরও ৩ মিনিট রাখুন। চুলা থেকে নামিয়ে হালকা ঠান্ডা করে এর চার ভাগের তিন ভাগ নিয়ে ব্লেন্ডারে দিয়ে পানি মিশিয়ে মসৃণভাবে ব্লেন্ড করুন। এবার এই মিশ্রণ পুনরায় হাঁড়িতে ঢেলে অবশিষ্ট মুরগির মাংস ও মাশরুম মিশিয়ে নেড়ে মাঝারি আঁচে ফুটিয়ে নিন। আঁচ কমিয়ে ক্রিম দিয়ে নাড়ুন। ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে স্যুপ বাটিতে ঢেলে ওপর থেকে অল্প কিছু ধনেপাতা কুচি ছিটিয়ে, শুকনা মরিচ গুঁড়া ও ১ চামচ সুইট কর্ন ছিটিয়ে পরিবেশন করুন গরম গরম স্যুপ।

0 comments:

Post a Comment