Friday, October 23, 2015

পিঠাপুলি


মাছের পুরভরা পিঠা। ছবি: খালেদ সরকারমাছের পুরভরা পিঠা
উপকরণ: ময়দা ২ কাপ, তেল সিকি কাপ, লবণ আধা চা-চামচ ও চিনি ১ চা-চামচ।
প্রণালি: সব উপকরণ একসঙ্গে ময়ান দিয়ে পানি দিয়ে মথে গরম জায়গায় ঢেকে রাখতে হবে।
পুরের উপকরণ: কোরাল মাছের পিঠের অংশ ২৫০ গ্রাম, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচা মরিচ কুচি ১ চা-চামচ, গাজর কুচি সিকি কাপ, ফুলকপি কুচি সিকি কাপ, মটরশুঁটি সিকি কাপ, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, আদা কুচি ১ চা-চামচ, ফিশ সস ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, টমেটো সস ২ টেবিল চামচ, তেল ২ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ ও তেল (ভাজার জন্য) পরিমাণমতো।
প্রণালি: মাছ ধুয়ে ফিশ সস, আধা চা-চামচ গোলমরিচ গুঁড়া ও সামান্য পানি দিয়ে সেদ্ধ করে কাঁটা বেছে নিতে হবে। তেল গরম করে পেঁয়াজ, কাঁচা মরিচ ও আদা কুচি দিয়ে ভেজে মাছ ও সবজি দিয়ে আরও কিছুক্ষণ ভেজে বাকি গোলমরিচ, ধনেপাতা ও টমেটো সস দিয়ে কিছুক্ষণ ভুনে নামাতে হবে। মাখানো ময়দা ১২ ভাগ বা ইচ্ছেমতো ভাগ করে মাছের পুর ভরে মাছের আকারে পিঠা বানিয়ে ডুবো তেলে ভাজতে হবে।

তিল-গজা
তিল-গজা
উপকরণ: ময়দা ২ কাপ, ঘি ৬ টেবিল চামচ, চিনি ২ টেবিল চামচ, বেকিং পাউডার আধা চা-চামচ, গুঁড়া দুধ ৪ টেবিল চামচ, তাওয়ায় টালা তিল ১ কাপ, লবণ পৌনে এক চা-চামচ ও তেল (ভাজার জন্য) পরিমাণমতো।
প্রণালি: আধা কাপ তিল ও বাকি সব উপকরণ একসঙ্গে ভালো করে ময়ান দিয়ে পানি দিয়ে মথে দুই ঘণ্টা ঢেকে রাখতে হবে। খামির ২০ থেকে ২৪ ভাগ করে পাতলা রুটি বেলে চার ভাঁজ করে নিতে হবে। এভাবে সব কটি তৈরি করে ডুবো তেলে মাঝারি আঁচে বেশ কিছুক্ষণ ভাজতে হবে। নামিয়ে ট্রেতে গজা সাজিয়ে ওপরে শিরা ঢেলে বাকি তিল ছড়িয়ে দিতে হবে।
শিরার উপকরণ: চিনি দুই কাপ, পানি এক কাপের চার ভাগের তিন ভাগ ও তরল দুধ ২ টেবিল চামচ।
প্রণালি: চিনি ও পানি একসঙ্গে চুলায় জ্বাল দিয়ে ফুটে উঠলে দুধ দিয়ে কিছুক্ষণ চুলায় রেখে গজার ওপর ঢেলে দিতে হবে।
সুজির নকশি পিঠা

সুজির নকশি পিঠা
উপকরণ:
সুজি আধা কাপ, ময়দা দেড় কাপ, নারকেল কোরানো আধা কাপ, চিনি ২ টেবিল চামচ, লবণ সিকি চা-চামচ, ঘি ২ টেবিল চামচ, পানি দেড় কাপ ও তেল (ভাজার জন্য) পরিমাণমতো।
প্রণালি: চুলায় পানি ফুটিয়ে তাতে লবণ, চিনি ও ঘি দিতে হবে। এরপর পর্যায়ক্রমে নারকেল কোরানো, সুজি ও ময়দা দিয়ে খামির করে চুলা থেকে নামাতে হবে। খামির মাখিয়ে মোটা করে রুটি বেলে পছন্দমতো নকশায় কেটে গরম ডুবো তেলে ভেজে নিতে হবে। শিরায় দু-তিন মিনিট ভিজিয়ে তুলে ফেলতে হবে।
শিরার উপকরণ: চিনি এক কাপ, ঝোলা গুড় ১ কাপ, পানি ১ কাপ, দারুচিনি ২ টুকরা ও এলাচি ১টি।
প্রণালি: সব উপকরণ একসঙ্গে চুলায় দিয়ে ফুটে উঠলে নামাতে হবে।

0 comments:

Post a Comment