নকশার জন্য ঈদের তারকা রান্না করতে গিয়ে জানালেন, ‘সময় কম থাকায় অল্প কয়েক পদ রান্না করছি।’ অথচ রান্না যখন শেষ হলো, গুনে দেখা গেল যে রীতিমতো ১১ পদের রান্না টেবিলে।
মৌসুমি সবজি
উপকরণ: নানা রঙের মৌসুমি সবজি ২৫০ গ্রাম, সঙ্গে মাঝারি আলু ২টা, চিংড়ি বা মুরগির মাংস ৫০ গ্রাম (না হলেও চলবে), মেয়োনিজ ৩ টেবিল চামচ, সরষে গুঁড়া অল্প করে, জিরা গুঁড়া, গোলমরিচের গুঁড়া ও বিট লবণ স্বাদমতো।
প্রণালি: আলু ও সবজি ছোট কিউব করে কেটে সেদ্ধ করে নিন। আলাদা একটি পাত্রে মেয়োনিজ ঢেলে তাতে অন্য সব উপকরণ মিশিয়ে নিন। চিংড়ি বা মুরগির মাংস থাকলে সেদ্ধ করে রাখুন। এবার সবজির সঙ্গে অন্য সবকিছু মাখিয়ে নিন। পাত্রে ঢেলে পরিবেশন করুন।
মসলাদার মুরগি
উপকরণ: মুরগির মাংস এক কেজি, আদা বাটা আধা চা-চামচ, রসুন বাটা আধা চা-চামচ, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, টমেটো সস দেড় কাপ, স্বাদ লবণ ও বিট লবণ পরিমাণমতো, দারুচিনি-এলাচি বাটা অল্প পরিমাণ, তেল পরিমাণমতো।
প্রণালি: মুরগি বড় টুকরা করে কেটে ধুয়ে নিন। এবার সব মসলা মাংসে মিশিয়ে নিয়ে ছুরি দিয়ে কেঁচে নিন। এবার মসলাসহ ম্যারিনেট করে রাখুন কয়েক ঘণ্টা। কড়াইয়ে তেল দিয়ে মাংস আলাদা করে ভেজে নিন। এবার কড়াই থেকে তেল কমিয়ে মাখানো মসলা ঢেলে দিয়ে নেড়ে নিন। ভাজা মাংস দিয়ে আবারও নাড়তে থাকুন। মাংসের সঙ্গে মসলা লেগে গেলে নামিয়ে ফেলুন।
তেলে ভাজা গরুর মাংস
উপকরণ: গরুর মাংস সরু টুকরা করে কাটা ২৫০ গ্রাম, গোলমরিচ ১ চা-চামচ, সরষে গুঁড়া ১ চা-চামচ, আদা-রসুনের রস ১ চা-চামচ করে, পেঁয়াজ বাটার রস ৩ টেবিল চামচ, লবণ স্বাদমতো, দারুচিনি এক ইঞ্চি পরিমাণ ১টি, এলাচি ২টি, তেল আধা কাপ।
প্রণালি: সবগুলো মাংসের টুকরা থেঁতলে নিতে হবে। এবার সব মসলা একসঙ্গে মিশিয়ে মাংসে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিন। কমপক্ষে দুই ঘণ্টা পর মাখানো মাংস তেলে ভেজে নামিয়ে নিন। কেউ চাইলে ওভেনে বেক করে নিতে পারেন। নামিয়ে ইচ্ছেমতো সাজিয়ে পরিবেশন করুন।
উপকরণ: যেকোনো মাছ ৫০০ গ্রাম, আলু বড় একটা, স্বাদ লবণ অল্প একটু, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, মরিচ কুচি ১ টেবিল চামচ, আদা বাটা অল্প একটু, ডিম একটা, ব্রেডক্রাম ও তেল পরিমাণমতো।
প্রণালি: মাছ সেদ্ধ করে কাঁটা ছাড়িয়ে নিন। এবার আলু সেদ্ধ করে নিন। মাছ ও আলু একত্রে চটকে নিন। এবার অন্য সব মসলা মিশিয়ে নিয়ে মাছ-আলুর সঙ্গে মাখান। এবার মাখানো খামির ডিম্বাকৃতির তৈরি করে নিয়ে ফেটা ডিমে চুবিয়ে নিন। এবার ব্রেডক্রামে দুই পাশ মাখিয়ে নিয়ে তেলে ভাজুন। বাদামি হলে নামিয়ে নিন।
সবজি পোলাও
উপকরণ: পোলাও চাল ১ কেজি, সবজি নানা রঙের ২ কাপ, তেল দেড় কাপ, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, আদা বাটা ১ চা-চামচ, দারুচিনি ৩-৪টা, তেজপাতা ৪টা, এলাচি ৩টা।
প্রণালি: চাল ধুয়ে নিয়ে তেলে ভাজতে ভাজতে পেঁয়াজ বাটা, আদা, দারুচিনি, তেজপাতা, এলাচি ইত্যাদি দিয়ে নেড়ে নিন। ভাজা হলে চালের উচ্চতার দ্বিগুণ গরম পানি দিন। গরম পানির সঙ্গেই লবণ দিয়ে নিন। পানি শুকিয়ে এলে আলাদা করে সেদ্ধ করে রাখা সবজি ঢেলে দিয়ে নাড়ুন। এই সময় চাইলে ঘি দিতে পারেন। ঝরঝরে হয়ে এলে নামিয়ে নিন।
উপকরণ: ডিম ১৬টা, তরল দুধ ১ কেজি, চিনি স্বাদমতো, দারুচিনি ও এলাচি গুঁড়া অল্প পরিমাণে, লবণ অতি সামান্য।
প্রণালি: ডিমগুলো হাতে ভালো করে ফেটে নিন। দুধ জ্বাল দিয়ে ঘন করে আধা কেজির কম বানিয়ে ফেলুন। পাত্র গরম করে একটু ঘি বা তেল দিয়ে তার ওপরে মোটা করে চিনির প্রলেপ দিন। চিনি গলিয়ে ক্যারামেল করে ঠান্ডা করে নিন। তার ওপরে বাদাম, কিশমিশ ইত্যাদি দিয়ে ডিম-দুধের মিশ্রণটা ঢেলে দিন। ওপরে ঢাকনা দিয়ে ঢেকে দিন। এবার একটি বড় পাত্রে পানি গরম দিয়ে তার ওপরে ঢেকে রাখা পাত্রটি বসিয়ে দিন। এবার পানির পাত্রটিও ঢেকে দিন। পানি কমে এলে ঢাকনা সরিয়ে একটা কাঠি পুডিংয়ের ভেতরে ঢুকিয়ে দিন। যদি কাঠিতে লেগে না থাকে, তাহলে বুঝতে হবে পুডিং তৈরি। এবার নামিয়ে পছন্দ মতো সাজিয়ে পরিবেশন করুন।
0 comments:
Post a Comment